দেশে বিদ্যমান গ্যাস মজুত দিয়ে আরও ১২ বছর চাহিদা মেটানো সম্ভব: জ্বালানি মন্ত্রী
- আপডেট সময় : ০৫:৫৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 14

দেশে বর্তমানে বিদ্যমান প্রাকৃতিক গ্যাসের মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের শুরুতে অবশিষ্ট মজুত দাঁড়ায় ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট।
তিনি আরও জানান, বর্তমান গ্যাস সরবরাহের গড় হার অপরিবর্তিত থাকলে এবং নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এই অবশিষ্ট মজুত দিয়ে প্রায় ১২ বছর দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
গ্যাস অনুসন্ধান কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, পেট্রোবাংলার অধীনে কূপ খনন ও ওয়ার্কওভার প্রকল্পের মাধ্যমে মোট ৫০ ও ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২৬টি কূপের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকিগুলো বিভিন্ন পর্যায়ে রয়েছে।
তিনি আরও জানান, বাপেক্সের মাধ্যমে বিভিন্ন ব্লকে দুই মাত্রিক ভূকম্পন জরিপ শেষ হয়েছে এবং তথ্য বিশ্লেষণের কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় তিন মাত্রিক ভূকম্পন জরিপ পরিচালনার পরিকল্পনাও নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারে সহায়ক হবে।























