বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তনের প্রস্তাব, আসছে নতুন রঙ
- আপডেট সময় : ০৪:৪৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 32

বাংলাদেশ পুলিশ এর পোশাকের নকশা ও বিধিমালায় পরিবর্তনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে নতুন ডিজাইনের নমুনা ইউনিফর্মও প্রবর্তন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখা ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ পাঠিয়েছে। অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, পূর্বে নির্ধারিত শার্টের লোহার মতো রঙ এবং কফি রঙের প্যান্ট নিয়ে মাঠপর্যায়ে অসন্তোষ দেখা দেয়। সাধারণ মানুষের মাঝেও এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়।
এ অবস্থায় নতুন করে রঙ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, দেশের মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে হালকা অলিভ বা জলপাই রঙের। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের শার্টের রঙ নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রঙ থাকবে খাকি (টিসি টুইল)।
সূত্র জানায়, এই পরিবর্তনের ফলে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। বিদ্যমান বাজেটের মধ্যেই নিয়মিত সরবরাহ ব্যবস্থার মাধ্যমে নতুন ইউনিফর্ম বাস্তবায়ন সম্ভব হবে।
দ্রুত প্রজ্ঞাপন জারি করে নতুন পোশাক কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে। বাহিনীর সদস্যদের সন্তুষ্টি ও পেশাগত গাম্ভীর্য বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।












