চীনে পরীক্ষায় নকল ঠেকাতে নতুন চ্যালেঞ্জ: এআই স্মার্ট চশমার অপব্যবহার
- আপডেট সময় : ০৬:৫৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 2

চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষায় নকলের জন্য এআইচালিত স্মার্ট চশমা ব্যবহারের প্রবণতা বাড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। শিক্ষার্থীরা কঠিন পরীক্ষায় ভালো ফল করার উদ্দেশ্যে এসব প্রযুক্তিনির্ভর ডিভাইস ভাড়া নিচ্ছে।
প্রতিদিন ৪০ থেকে ৬০ ইউয়ান (প্রায় ৬ থেকে ৯ মার্কিন ডলার) ভাড়ায় এসব স্মার্ট চশমা পাওয়া যাচ্ছে। আগে থেকেই বাজারে স্মার্ট চশমা থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযুক্ত নতুন সংস্করণগুলো সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এই ডিভাইসগুলোতে বড় ভাষা মডেল, ক্যামেরা এবং অডিও ফিচার যুক্ত থাকে। ফলে ব্যবহারকারী প্রশ্ন স্ক্যান করলে দ্রুত উত্তর পাওয়া যায়, যা বাইরে থেকে সহজে বোঝা যায় না।
নতুন প্রজন্মের এসব চশমা আগের তুলনায় হালকা এবং সাধারণ চশমার মতোই দেখতে। শাওমি ও আলিবাবা-এর মতো প্রযুক্তি প্রতিষ্ঠান এসব উন্নত ডিভাইস তৈরি করছে বলে জানা গেছে। যদিও জাতীয় পর্যায়ের ভর্তি পরীক্ষা ও সরকারি চাকরির পরীক্ষায় এসব প্রযুক্তি নিষিদ্ধ, তবে স্কুল পর্যায়ের পরীক্ষায় এর ব্যবহার এখনো লক্ষ্য করা যাচ্ছে।
হংকং ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি-এর এক গবেষণায় দেখা গেছে, এআই স্মার্ট চশমা ব্যবহারকারী এক শিক্ষার্থী ১০০ জনের মধ্যে শীর্ষ পাঁচে স্থান অর্জন করেছে, যেখানে তার গড় নম্বর ছিল ৯২.৫ এবং শ্রেণির গড় ছিল ৭২।
ডিভাইসগুলোর দাম সাধারণত ২৭০ থেকে ১ হাজার ডলার পর্যন্ত হওয়ায় অনেক শিক্ষার্থীর জন্য তা ব্যয়বহুল। ফলে জিয়ানহু-এর মতো সেকেন্ডহ্যান্ড প্ল্যাটফর্মে এগুলো ভাড়ায় দেওয়া হচ্ছে, যেখানে দৈনিক ভাড়া ৪০ থেকে ৮০ ইউয়ান পর্যন্ত নেওয়া হচ্ছে।
হেবেই প্রদেশের এক শিক্ষার্থী জানিয়েছেন, কিছু বিষয়ে ফেল করার আশঙ্কা থাকলে তিনি এসব এআই চশমা ব্যবহার করেন এবং অন্যদেরও ভাড়ায় দেন। একটি রিমোটের মাধ্যমে প্রশ্ন স্ক্যান করে এআই সিস্টেমে পাঠানো হয় এবং উত্তরের ফলাফল চশমার লেন্সে দেখা যায়, যা সহজে ধরা পড়ে না।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শিক্ষায় এ ধরনের প্রযুক্তির অপব্যবহার ভবিষ্যতে পরীক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে।


















