এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৩:৫৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 4

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে এবার প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। অন্যদিকে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রায় ১২ লাখ শিক্ষার্থী। ফলে আসনসংখ্যার দিক থেকে পাস করা শিক্ষার্থীদের সবার ভর্তির সুযোগ রয়েছে।
ভর্তির যোগ্যতার মানদণ্ড সম্পর্কে শিক্ষামন্ত্রী জানান, কোন বিশ্ববিদ্যালয় কী ধরনের শর্ত বা মানদণ্ড অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করবে, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত। তবে পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থাকবে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।










