বাংলা কিউআর ব্যবহারে জোর, রিলস প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করল বাংলাদেশ ব্যাংক
- আপডেট সময় : ০৪:২৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 54

দেশজুড়ে ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও নিরাপদ করতে ‘বাংলা কিউআর রিলস মেকিং প্রতিযোগিতা’র ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর মো. মোস্তাকুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ডেপুটি গভর্নররা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান, নির্বাহী পরিচালক ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গভর্নর বলেন, গত ১ জুলাই থেকে সারাদেশে বাংলা কিউআর ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, পাশাপাশি লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ। একই সঙ্গে জাল ও ছেঁড়া-ফাটা নোট ব্যবহারের ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে আর্থিক লেনদেনে আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। বাংলাদেশও বাংলা কিউআরের মাধ্যমে সেই ধারায় এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তিনির্ভর লেনদেন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।
গভর্নর জানান, দেশের সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যেই ‘বাংলা কিউআর রিলস মেকিং প্রতিযোগিতা’র আয়োজন করা হয়। প্রতিযোগিতায় নির্বাচিত ১০ জন বিজয়ীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

























