টানা দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা সচল
- আপডেট সময় : ০৪:৫৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 47

টানা দুই দিন বন্ধ থাকার পর দেশের প্রায় ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন সব ধরনের সেবা পুনরায় পুরোপুরি চালু হয়েছে। পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলো বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সেবা স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা বর্তমানে স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতোই কিউ-ক্যাশের মাধ্যমে লেনদেন করতে পারবেন।
এদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ব্যাংক এশিয়া এক খুদে বার্তায় জানায়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবাও পুরোপুরি সচল হয়েছে। গ্রাহকদের যথারীতি লেনদেন শুরু করার জন্য ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।
এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম স্থানান্তরের (মাইগ্রেশন) কাজ শুরু হওয়ায় দেশের প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পিওএস মেশিন ও কার্ডভিত্তিক লেনদেনসহ ব্যাংকগুলোর পারস্পরিক কিছু সেবা ব্যাহত হয়। ওই সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জানানো হয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা পুনরায় চালু হতে পারে।
তবে পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে স্থগিত থাকা সেবাগুলো দ্রুত সচল করার জন্য জোর তাগিদ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংকে তলব করা হয়।
মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হয়। এতে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়। গ্রাহকদের লেনদেনের স্বাভাবিকতা বজায় রাখা এবং তাদের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কার্ডভিত্তিক সেবাগুলো দ্রুত পুনরায় সচল করার নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা পুরোপুরি সচল করা হয়।


























