৩৩০০ নথিতে তদন্ত, ৭০০০ কোটি করফাঁকি উদঘাটন করে বড় সাফল্য এনবিআরের
- আপডেট সময় : ০৬:১৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 103

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট করফাঁকি উদঘাটন ও রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর থেকে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রায় ৩৩০০টির বেশি আয়কর নথিতে করফাঁকির অভিযোগে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চালানো হয়েছে।
তদন্তে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ৭০০০ কোটি টাকার করফাঁকির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত সরকারি কোষাগারে ৫৩২ কোটি টাকা ফাঁকিকৃত কর জমা নিশ্চিত করা হয়েছে। শুধু চলতি অর্থবছরেই পুনরুদ্ধারকৃত রাজস্বের পরিমাণ ৪১৪ কোটি টাকা।
সূত্র জানায়, বিভিন্ন করবর্ষে ব্যক্তি ও কোম্পানি পর্যায়ের করদাতারা এসব করফাঁকি দেন। পরে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হলে অনেক করদাতা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ফাঁকিকৃত কর পরিশোধ করেন।
বিশ্লেষকদের মতে, করফাঁকি হ্রাস, কর আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং স্বচ্ছভাবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে শুধু রাজস্ব পুনরুদ্ধারই নয়, করদাতাদের মধ্যে আইন মেনে চলার প্রবণতাও বাড়ছে।
এনবিআর সংশ্লিষ্টরা মনে করেন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং কর্মকর্তাদের আরও প্রশিক্ষণ দেওয়া হলে রাজস্ব আহরণে আরও বড় পরিবর্তন আসবে।
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার ড. লুৎফুন্নাহার বেগম জানান, করফাঁকি উদঘাটনে কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
তিনি বলেন, করফাঁকি উদঘাটন ও আদায়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এই ইউনিটের কার্যক্রম আরও জোরদার করা হবে।


























