ঢাকায় শুরু ‘মার্কস অল রাউন্ডার’ আঞ্চলিক পর্ব, ৮ ও ৯ মে চলছে প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৬:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 99

প্রতিভাবান শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘মার্কস অল রাউন্ডার’ প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে ঢাকায়। আগামী ৮ ও ৯ মে রাজধানীর বিভিন্ন এলাকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ৮ মে ধানমন্ডি, জিগাতলা, রায়ের বাজার, শেরেবাংলা রোড ও হাজারীবাগ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত পর্বে।
একই দিনে সিদ্ধিরগঞ্জ, বন্দর ও সোনারগাঁও এলাকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে। পাশাপাশি রমনা, হাতিরঝিল ও তেজগাঁও এলাকার শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা হবে আবুজর গিফারী কলেজ প্রাঙ্গণে।
পরদিন ৯ মে মিরপুর এলাকার বিভিন্ন অঞ্চলসহ পল্লবী এলাকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে। এছাড়া উত্তরা ও তুরাগ এলাকার জন্য প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে।
একই দিনে তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
আয়োজকরা জানান, সারা দেশের প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের দ্রুত অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে মার্কস অল রাউন্ডারের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা নির্ধারিত নম্বরে যোগাযোগ করে।


























