সাংবাদিক শাহেদ কামালের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শোক
- আপডেট সময় : ০৪:৪৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / 14

স্বনামধন্য সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক শাহেদ কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভাগটি। শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
শুক্রবার (৩ জুলাই) শাহেদ কামাল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি প্রখ্যাত কবি সুফিয়া কামালের ছেলে।
শাহেদ কামাল ১৯৫৭ সালে সাংবাদিকতা পেশায় যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে প্রধান বার্তা সম্পাদক (চিফ নিউজ এডিটর) হিসেবে অবসর গ্রহণ করেন।
সাংবাদিকতার পাশাপাশি ১৯৭৬ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শিক্ষকতা ও সাংবাদিকতায় তার দীর্ঘ অবদান শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে সমানভাবে প্রশংসিত ছিল।
বিভাগের শোকবার্তায় বলা হয়, শাহেদ কামালের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সাংবাদিক, দক্ষ সংবাদকর্মী এবং নিবেদিতপ্রাণ শিক্ষককে হারিয়েছে। তার কর্মজীবনের অবদান এবং আদর্শ আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


























