কার্ড ঢোকাতে হবে না এটিএমে, ট্যাপ করেই টাকা তোলার সুবিধা চালু
- আপডেট সময় : ০৬:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 3

এটিএম বুথে কার্ড আটকে যাওয়ার ভোগান্তি কমাতে দেশে স্পর্শহীন বা এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তির এটিএম সেবা চালু হয়েছে। বেসরকারি খাতের সিটি ব্যাংক তাদের এটিএম নেটওয়ার্কে এ সুবিধা চালু করেছে। তবে সেবা নিতে পারবেন দেশের যেকোনো ব্যাংকের গ্রাহক।
নতুন এ প্রযুক্তির মাধ্যমে এটিএম বুথে কার্ড প্রবেশ করানোর প্রয়োজন হবে না। নির্ধারিত স্থানে এনএফসি-সুবিধাযুক্ত কার্ড ট্যাপ করেই টাকা তোলা, জমা দেওয়াসহ বিভিন্ন ব্যাংকিং লেনদেন করা যাবে। এরপর পিন নম্বর দিয়ে লেনদেন সম্পন্ন করতে হবে।
যেভাবে কাজ করবে
প্রচলিত এটিএমে কার্ড মেশিনের নির্দিষ্ট স্লটে প্রবেশ করিয়ে পিন নম্বর দিতে হয়। বিদ্যুৎ বিভ্রাট বা যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় কার্ড মেশিনে আটকে যাওয়ার ঘটনা ঘটে।
এনএফসি প্রযুক্তির এটিএমে কার্ড ভেতরে প্রবেশ করানোর প্রয়োজন নেই। বুথে নির্ধারিত স্থানে কার্ডটি ট্যাপ করলেই মেশিন গ্রাহককে শনাক্ত করবে। এরপর পিন নম্বর দিয়ে দ্রুত লেনদেন সম্পন্ন করা যাবে।
সিটি ব্যাংক জানিয়েছে, ইতোমধ্যে তাদের ৭০ থেকে ৮০টি এটিএমে এ প্রযুক্তি চালু করা হয়েছে। ভবিষ্যতে নতুন এটিএম স্থাপন বা পুরোনো বুথ পরিবর্তনের সময় এনএফসি প্রযুক্তির মেশিন স্থাপন করা হবে।
সিটি ব্যাংকের এটিএম নেটওয়ার্কে এ সুবিধা চালু হলেও এর ব্যবহার থেকে দেশের অন্য ব্যাংকের গ্রাহকেরাও উপকৃত হতে পারবেন। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করতে পারেন। তবে এ ধরনের আন্তঃব্যাংক লেনদেনে অতিরিক্ত ১৫ টাকা চার্জ দিতে হয়।
কী সুবিধা মিলবে
এনএফসি প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটিএমে কার্ড আটকে যাওয়ার ঝুঁকি থাকছে না। কারণ, লেনদেনের সময় কার্ড মেশিনের ভেতরে প্রবেশ করাতে হবে না।
এ ছাড়া প্রচলিত এটিএমে ব্যবহৃত স্কিমিং ডিভাইসের মাধ্যমে কার্ডের তথ্য চুরির যে ঝুঁকি থাকে, নতুন প্রযুক্তিতে তা কমে আসবে বলে জানিয়েছে সিটি ব্যাংক। এনএফসি প্রযুক্তিতে কার্ড ও এটিএমের মধ্যে সরাসরি সংকেতের মাধ্যমে তথ্য আদান-প্রদান হয়।
কার্ড মেশিনে প্রবেশ করানো ও বের করার প্রয়োজন না থাকায় লেনদেনের সময়ও কমবে। পাশাপাশি বারবার কার্ড প্রবেশ করানোর কারণে ম্যাগনেটিক স্ট্রিপ ও ইএমভি চিপ ক্ষয় হওয়ার আশঙ্কাও কমবে।
সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার বলেন, গ্রাহকদের সুবিধার জন্য নতুন প্রযুক্তির এটিএম চালু করা হয়েছে। এর মাধ্যমে কার্ড বুথে প্রবেশ না করিয়েই দ্রুত ও স্বচ্ছন্দে লেনদেন করা সম্ভব হবে।


























