‘সরকার টাকা ছাপাচ্ছে’ প্রচার গালগল্প, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ: তিতুমীর
- আপডেট সময় : ০৫:০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 203

সরকার টাকা ছাপাচ্ছে— এমন প্রচারকে ভিত্তিহীন ও ‘গালগল্প’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, বাস্তবতার সঙ্গে এ ধরনের প্রচারের কোনো সম্পর্ক নেই। বর্তমান সরকার বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের বাজেটের প্রধান চ্যালেঞ্জ’ শীর্ষক প্রাক-বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
তিতুমীর বলেন, আগের সময়ে পরিবার, ব্যবসা ও রাষ্ট্রীয় পর্যায়ে আয়ের সংকট তৈরি হয়েছিল। এর প্রভাব এতটাই গভীর ছিল যে বহু নিম্নমধ্যবিত্ত পরিবার দারিদ্র্যসীমার নিচে নেমে যায় এবং সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। একই সময়ে ব্যবসায়ীরাও বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পুঁজি সংকটে ভুগেছেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার কেন্দ্রীয় ব্যাংকে বারবার হস্তক্ষেপ করেছে এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার কোনো খাতকে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে দিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, অর্থনীতির গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অধ্যাপক তিতুমীর আরও বলেন, অতীতে অবকাঠামোগত উন্নয়নের নামে বিপুল ঋণ নিয়ে দুর্নীতি করা হয়েছে এবং তথ্য জালিয়াতির মাধ্যমে উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছিল। তিনি জানান, বর্তমান সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে নতুন চাপ তৈরি হয়েছে। বিশ্ববাজারে পণ্যের মূল্য বৃদ্ধি, আমদানি ব্যয় ও জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন, কৃষি এবং উৎপাদন খরচও বেড়েছে।
তিনি বলেন, নতুন বাজেট যেন সাধারণ মানুষের দুর্ভোগ না বাড়ায় এবং নিম্ন ও মধ্যবিত্তের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতার কথাও তুলে ধরেন।
প্রাক-বাজেট ছায়া সংসদ প্রতিযোগিতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট।



























