বাংলাদেশকে বিশ্বসেরা শিক্ষা হাবে গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর
- আপডেট সময় : ০৫:৪৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 85

বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা হাবে পরিণত করার সব ধরনের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রয়োজনীয় সম্পদ, মেধা, কর্মসূচি ও ইচ্ছাশক্তি—সবই বাংলাদেশের আছে, এখন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্রে পরিণত করতে সরকার কাজ করছে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, একসময় বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্য ছিল এবং ভবিষ্যতেও সেই সম্ভাবনা রয়েছে। বিদেশে পড়াশোনা শেষে দেশে ফিরে অবদান রাখার প্রবণতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
স্টেকহোল্ডারদের মতামতের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, টেকসই সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, বৃত্তি প্রদান এবং ট্রাস্টভিত্তিক পরিচালনার বিষয়গুলো পর্যালোচনা করা হবে।
তিনি জানান, সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে চায়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন এবং উচ্চশিক্ষার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।



























