বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবা নিয়ে ইরফান সাজ্জাদের ক্ষোভ, বললেন ‘লোকাল বাস’
- আপডেট সময় : ১০:২৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 36

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান ও ফ্লাইট পরিচালনার সময়সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। বিমানে ভ্রমণের সময় ভোগান্তির মুখে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের ক্ষোভ তুলে ধরেন তিনি। পোস্টের সঙ্গে একটি ভিডিওও যুক্ত করেন এই অভিনেতা।
ফেসবুক পোস্টে ইরফান সাজ্জাদ জানান, বিমানে ওঠার পর তিনি দেখতে পান ককপিটে কাজ চলছে। পরিস্থিতি দেখে তখনই তাঁর মনে হয়, ফ্লাইট নিয়ে জটিলতা তৈরি হতে পারে। পরে যাত্রীদের কোনো সন্তোষজনক ব্যাখ্যা না দিয়েই বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ভিডিওটির পেছনে হাস্যরসাত্মক সংগীত যুক্ত করে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেতা। পোস্টে তিনি লেখেন, ‘প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ। এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল। এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না! এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!’
ইরফান সাজ্জাদের এই পোস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা নিয়ে তাঁর অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে ব্যঙ্গাত্মকভাবে ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, ইরফান সাজ্জাদের মতো দেশের আরও অনেক যাত্রী বিমান চলাচলে বিলম্ব, সেবার মান এবং ভ্রমণকালীন ভোগান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করে থাকেন। যাত্রীদের অভিজ্ঞতায় সময়মতো ফ্লাইট পরিচালনা এবং বিলম্বের ক্ষেত্রে যথাযথ তথ্য ও ব্যাখ্যা দেওয়ার বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে।



























