প্যারিসের বিশ্বমঞ্চে বাংলার মসলিনে জাহ্নবী কাপুর
- আপডেট সময় : ০৩:০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 44

ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি বাংলার মসলিনের শাড়ি পরে প্যারিসের আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে বাংলার তাঁতশিল্প ও কারুকার্য তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ‘বিজনেস অব ফ্যাশন’ আয়োজিত আন্তর্জাতিক অনুষ্ঠানে মসলিনের শাড়িতে দেবীতুল্য ও মোহময়ী সাজে হাজির হয়ে নজর কাড়েন এই অভিনেত্রী।
প্যারিসে অনুষ্ঠিত বিশ্বখ্যাত ‘বিজনেস অব ফ্যাশন’ ইভেন্টে তরুণ প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুরের উপস্থিতি ছিল বিশেষভাবে আলোচিত। ফ্যাশন দুনিয়ার বিশ্বজুড়ে ৫০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় এবার জায়গা করে নিয়েছেন তিনি। সেই স্বীকৃতি উদযাপনের মঞ্চেই ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে ভিন্নধর্মী সাজে নিজেকে উপস্থাপন করেন জাহ্নবী। বাংলার মসলিনের শাড়ি পরে তিনি তুলে ধরেন ঐতিহ্যবাহী তাঁতশিল্পের সূক্ষ্ম কারুকার্য।
জাহ্নবীর এই রাজকীয় সাজের নেপথ্যে ছিলেন কাপুর পরিবারের আরেক সদস্য ডিজাইনার ও স্টাইলিস্ট রিয়া কাপুর। বিখ্যাত ব্র্যান্ড ‘পঙ্কজ এস হেরিটেজ’-এর কাস্টম ডিজাইনে তৈরি পোশাকটিতে ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে আধুনিক ফ্যাশনের সংমিশ্রণ ঘটানো হয়েছে।
শাড়িটি তৈরি করা হয়েছে ৪৬০ কাউন্টের সুতা দিয়ে। এতে ফুটিয়ে তোলা হয়েছে মসলিনের সূক্ষ্ম কারুকাজ, যা ঐতিহ্যগতভাবে ‘বাফ-ই-হাওয়া’, ‘শবনমী’ কিংবা ‘চাঁদনি’ নামে পরিচিত। আইভরি রঙের ক্যানভাসে পোখরাজ, পান্না, গার্নেট, মুক্তা ও সোনার পুঁতির কারুকাজ করা হয়েছে। কাঁধ থেকে হাত পর্যন্ত ছড়িয়ে থাকা গহনার মতো নকশা পোশাকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
২০২৬ সালের ‘বিজনেস অব ফ্যাশন’ তালিকায় বিশ্বের আটটি ক্যাটাগরিতে ১০০ জন নতুন ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাহ্নবী কাপুরের পাশাপাশি তালিকায় জায়গা পেয়েছেন আরও দুই ভারতীয় মডেল ভাবিতা মান্ডভা ও প্রীতিশা স্বরূপ।
ভাবিতা মান্ডভা ‘শানেল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ‘শানেল’-এর শো ওপেন করা প্রথম ভারতীয় নারী। অন্যদিকে প্রীতিশা স্বরূপ একজন আন্তর্জাতিক মডেল, অপারেশন্স স্মাইলের গ্লোবাল অ্যাম্বাসেডর এবং আয়ুর্বেদিক বিউটি ব্র্যান্ড ‘প্রাক্তি’র প্রতিষ্ঠাতা।


























