শাহরুখকে একঝলক দেখতে ‘মান্নাত’-এর সামনে দাঁড়িয়ে থাকতেন রাজকুমার রাও
- আপডেট সময় : ০৩:৫৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 64

নিজের নতুন সিনেমা ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, দর্শকদের আগ্রহ বাড়াতে বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন তিনি।
সম্প্রতি সিনেমাটির প্রচারের অংশ হিসেবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর মঞ্চে হাজির হন রাজকুমার রাও। তার সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী ওয়ামিকা গাব্বি এবং দেশের প্রখ্যাত সাবেক সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম। অনুষ্ঠানে সঞ্চালক অমিতাভ বচ্চনের সঙ্গে আড্ডায় নিজেদের জীবনের নানা অজানা গল্প শেয়ার করেন তারা।
অনুষ্ঠানে ক্যারিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণ করতে গিয়ে রাজকুমার রাও জানান, দিল্লি থেকে মুম্বাইয়ে আসার পর তিনি নিয়মিত শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’-এর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। উদ্দেশ্য ছিল শুধু প্রিয় অভিনেতাকে একঝলক দেখার সুযোগ পাওয়া।
রাজকুমার বলেন, দিল্লির একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে থিয়েটার ও টেলিভিশনে কাজের মাধ্যমে শাহরুখ খান যেভাবে বড় সুপারস্টার হয়ে উঠেছেন, তা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। এ কারণেই মুম্বাইয়ে আসার পর কাজের সুযোগ না পেলেও তিনি শাহরুখের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন বলে জানান অভিনেতা।
এ সময় শাহরুখ খানের কাজের প্রশংসা করে অমিতাভ বচ্চন বলেন, শাহরুখ কখনো হাল ছেড়ে দেওয়ার মানুষ নন। সমস্যা যতই কঠিন হোক, তিনি কথা বলার মাধ্যমে সামনের মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারেন।
অবিনাশ অরুণ পরিচালিত রাজকুমার রাওয়ের আসন্ন সিনেমা ‘প্রহার’-এ প্রখ্যাত আইনজীবী উজ্জ্বল নিকমের জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটি আইনি লড়াই তুলে ধরা হয়েছে। বিশেষ করে ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই জঙ্গি হামলা এবং ওই হামলার অন্যতম অভিযুক্ত সন্ত্রাসী আজমল কাসাবের বিচারপ্রক্রিয়া সিনেমাটিতে উঠে আসবে।
সিনেমাটিতে উজ্জ্বল নিকমের চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ওয়ামিকা গাব্বি, জয়দীপ আহলাওয়াত ও সিকান্দার খেরকে। চলতি বছরের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।



























