‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার রেট্রো ক্যাবারে লুক, নতুন পোস্টারে নজর কাড়লেন অভিনেত্রী
- আপডেট সময় : ০৫:২৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 70

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ্রিলারধর্মী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর নতুন লুক প্রকাশ পেয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। এতে মুখ্য চরিত্রে আলিয়া ভাটের পাশাপাশি অভিনয় করছেন রণবীর কাপুর।
সম্প্রতি বহুল প্রতীক্ষিত সিনেমাটির নতুন পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেখানে গ্ল্যামারাস ও আবেদনময়ী রেট্রো ক্যাবারে অবতারে দেখা গেছে আলিয়া ভাটকে। নতুন এই লুক প্রকাশের পর সামাজিক মাধ্যমে আলিয়ার ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
পোস্টারে আলিয়াকে একটি চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে। তার পরনে ছিল আকর্ষণীয় স্লিট স্কার্ট এবং মাথায় ছিল বিশেষ ধরনের হেডপিস। রাজকীয় সাজ, দারুণ পোজ এবং চোখের তীব্র অভিব্যক্তিতে অভিনেত্রীর লুকে ফুটে উঠেছে রেট্রো আমেজ।
পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে নির্মাতারা ক্যাপশনে লিখেছেন—‘আগ ভি, দিলো কি জান ভি!’ যার অর্থ দাঁড়ায়, ‘আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও!’
আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পিরিয়ড ড্রামার প্রচলিত গণ্ডি থেকে বেরিয়ে এসে বর্তমান সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এটি বানসালির সঙ্গে আলিয়া ভাটের দ্বিতীয় কাজ। পাশাপাশি ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পর বাস্তব জীবনের স্বামী রণবীর কাপুরের সঙ্গে আবারও পর্দা ভাগ করে নিচ্ছেন আলিয়া।
এর আগে সিনেমাটি থেকে রণবীর কাপুরের ফার্স্ট লুকও প্রকাশ করা হয়েছিল। প্রধান অভিনয়শিল্পীদের লুক প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন নির্মাতারা। এবার আলিয়ার নতুন লুক প্রকাশের পর সিনেমাটি ঘিরে ভক্ত-অনুরাগীদের আগ্রহ আরও বেড়েছে।



























