মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র
- আপডেট সময় : ০৪:১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 1

লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টের পরও জয়ের দেখা পেল না ইন্টার মিয়ামি। শনিবার এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিল এসসির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মিয়ামি।
মিয়ামির নু স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ন্যাশভিল। চতুর্থ মিনিটে অফসাইড ফাঁদ এড়িয়ে নিচু শটে গোল করেন ইংলিশ স্ট্রাইকার স্যাম সারিজ।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সমতায় ফেরে মিয়ামি। মেসির নেওয়া কর্নার কিক থেকে বল মাথায় লাগিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার-হুইটিং। ফলে আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মিয়ামি। ৫০ মিনিটে মেসির একটি শট ক্রসবারের নিচের অংশে লেগে ফিরে আসে। এরপর ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে সাবেক আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে বল আদান-প্রদান করে দুর্দান্ত এক বাঁকানো শটে গোলরক্ষক ব্রায়ান শোয়াকিকে পরাস্ত করেন মেসি। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি।
এরপর ব্যবধান বাড়ানোর আরও কয়েকটি সুযোগ পেয়েছিলেন মেসি। ৭৮ মিনিটে তার আরেকটি শট পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের শেষদিকে তার আরও একটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন পালাসিওস।
মেসির সুযোগগুলো কাজে না লাগানোর মাশুল শেষ পর্যন্ত দিতে হয় মিয়ামিকে। ইনজুরি সময়ের শেষদিকে কাছ থেকে গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান সারিজ। ফলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
এই ম্যাচে গোল করার মাধ্যমে ন্যাশভিলের বিপক্ষে মেসির অবিশ্বাস্য গোলের ধারাও অব্যাহত থাকল। ২০২৩ সালে মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ন্যাশভিলের বিপক্ষে ১৪ ম্যাচে ১৭ গোল করেছেন আর্জেন্টাইন তারকা।
এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে নয় পয়েন্ট পিছিয়ে পড়েছে ইন্টার মিয়ামি। শীর্ষস্থান দখলের লড়াইয়ে মিয়ামির সামনে এখন বাকি রয়েছে নয়টি ম্যাচ।


























