৫৪ রানে অলআউট বাংলাদেশ, তাইজুলকে নিয়ে মিলল বড় সুখবর
- আপডেট সময় : ০৫:০০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 4

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ৫৪ রানে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচে বড় ব্যবধানে হারলেও দলের জন্য স্বস্তির খবর এসেছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে ঘিরে। চোটের কারণে শঙ্কা তৈরি হলেও প্রথম টেস্টের আগেই তার পুরোপুরি ফিট হয়ে ওঠার আশা করছেন দলের ফিজিও।
প্রথম দিনে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান তাইজুল। এরপর আর বোলিংয়ে নামতে পারেননি তিনি। এমনকি দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে দেখা যায়নি তাকে। ফলে প্রথম টেস্টে এই স্পিনারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয় সংশয়।
বাংলাদেশের জন্য তাইজুলের চোট বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ, পেসার নাহিদ রানা এই সিরিজে নেই। অন্যদিকে লিটন দাসকে নিয়েও রয়েছে শঙ্কা। এমন পরিস্থিতিতে তাইজুল ছিটকে গেলে দলের জন্য তা আরও বড় ধাক্কা হতো।
তবে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। জাতীয় দলের ফিজিও বায়জিদুল ইসলাম জানিয়েছেন, তাইজুলের চোটের অবস্থা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। প্রথম টেস্টের আগে হাতে এখনও পাঁচ দিন সময় থাকায় তার ফিটনেস নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বায়জিদুল বলেন, প্রথম দিনের চোটের পর তাইজুলের যে ব্যথা ও ফোলাভাব ছিল, তা অনেকটাই কমে গেছে। প্রথম টেস্টের আগে আরও চার দিন চোট নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবেন বলে আশা করছেন ফিজিও।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট ডারউইনে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইতে।


























