বিশ্বকাপ ফাইনালের আগে র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, ভাঙবে কি পুরনো ‘অভিশাপ’?
- আপডেট সময় : ০৩:৪৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 14

চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালে জয়ের সুবাদে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে লিওনেল স্কালোনির দল।
বিশ্বকাপ শুরুর সময় ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিল আর্জেন্টিনা। তবে ২ জুলাই প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসে ফ্রান্স। বিশ্বকাপের আগে ফ্রান্স ছিল তৃতীয় এবং স্পেন দ্বিতীয় অবস্থানে।
সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফ্রান্স শীর্ষস্থান হারায়। অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে ২৬.৯০ রেটিং পয়েন্ট অর্জন করে আর্জেন্টিনা। ফলে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৭০.৩৭, যা তাদের আবারও র্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরিয়ে এনেছে।
ফ্রান্সকে হারিয়ে স্পেনও ৩০.৮২ পয়েন্ট যোগ করে ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ফলে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল হলো আর্জেন্টিনা ও স্পেন।
তবে শীর্ষে ওঠার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনাকে তাড়া করছে একটি পুরনো পরিসংখ্যান। ১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর থেকে বিশ্বকাপ চলাকালে বা ফাইনালের আগে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা কোনো দলই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি।
১৯৯৪ সালে জার্মানি, ১৯৯৮ সালে ব্রাজিল, ২০০২ সালে ফ্রান্স, ২০০৬ সালে ব্রাজিল, ২০১০ সালে ব্রাজিল, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে ব্রাজিল—সবকটি দলই শীর্ষ র্যাঙ্কিংয়ে থেকেও বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়েছে।
এবারও ফাইনালের আগে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। তাই ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন—র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিশ্বকাপ না জেতার দীর্ঘদিনের সেই পরিসংখ্যান কি এবারও বহাল থাকবে, নাকি ইতিহাস বদলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে আলবিসেলেস্তেরা?


























