নান্দাইলে কৃষকদের সঙ্গে মতবিনিময়, হিমাগার ও আধুনিক বিপণনকেন্দ্রের আশ্বাস প্রতিমন্ত্রীর
- আপডেট সময় : ০৫:৪৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 76

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি এলাকায় হিমাগার (কোল্ড স্টোরেজ), আধুনিক বিপণনকেন্দ্র স্থাপন এবং গ্রামীণ সড়ক উন্নয়নের আশ্বাস দেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় কৃষকরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইলে উৎপাদিত শসা একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এর উৎপাদন ও বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হলে কৃষকরা আরও লাভবান হবেন। কৃষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় কৃষকরা জানান, উৎপাদিত শসা সংরক্ষণ, অপচয় রোধ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে এলাকায় একটি হিমাগার ও আধুনিক বিপণনকেন্দ্র স্থাপন জরুরি। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে গ্রামীণ সড়ক সংস্কারেরও দাবি জানান তারা।
কৃষকদের দাবির জবাবে প্রতিমন্ত্রী কালিয়াপাড়া বাজার এলাকায় হিমাগার ও আধুনিক বিপণনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন সহজ করতে গ্রামীণ সড়কগুলো টেকসইভাবে সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এর আগে দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় এসে প্রতিমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।



























