দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমালো বাজুস, ভরিতে কমল ২,২১৬ টাকা
- আপডেট সময় : ০৪:৫৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 112

টানা দুই দফা দাম বৃদ্ধি ও এক দফা ভ্যাট সমন্বয়ের পর এবার আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
এর আগে সর্বশেষ ১৯ জুন স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে ৭৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে, ৩৮ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।



























