ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ২২ মে থেকেই শুরু বিশ্রাম
- আপডেট সময় : ০৬:৩৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 64

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি কার্যকর হবে। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে অধিকাংশ শিক্ষার্থী ২২ মে থেকেই টানা অবকাশে যেতে পারবে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হবে। ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস।
প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার থেকে আবারও ক্লাস শুরু হবে। এতে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা প্রায় ১৬ দিনের বিরতি পাচ্ছে।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী ছুটি আরও দীর্ঘ হবে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে।
ছুটি শেষে জুনে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও জুলাই ও আগস্ট মাসে একাধিক সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।
প্রতি বছর ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিশ্রাম, পারিবারিক সময় কাটানো এবং মানসিক প্রশান্তির সুযোগ দিতে শিক্ষাপঞ্জিতে দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।


























