ঢাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে বড় অভিযান, দুই দিনে ৯৪ জন গ্রেফতার: ডিএমপি
- আপডেট সময় : ০৫:৪৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 179

ঢাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে দুই দিনে তালিকাভুক্তসহ মোট ৯৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ রয়েছে। অভিযানে চাঁদাবাজির বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, চাঁদাবাজ বা অপরাধীদের ছাড়াতে কেউ তদবির করলে ধরে নেওয়া হবে তিনিও একই চক্রের সঙ্গে জড়িত। এ ধরনের তদবির কোনোভাবেই গ্রহণ করা হবে না এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি স্পষ্ট করে বলেন, যে-ই চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
অন্যান্য অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে অনেক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে এবং প্রতিটি ছিনতাইয়ের ঘটনা শনাক্ত করা হচ্ছে।
তিনি দাবি করেন, বর্তমানে শীর্ষ সন্ত্রাসীরা সক্রিয় অবস্থায় নেই। পাশাপাশি অনলাইন প্রতারণার সঙ্গে জড়িতদেরও নিয়মিত গ্রেফতার করা হচ্ছে।
ডিএমপি কমিশনার জানান, অপরাধ নিয়ন্ত্রণে হটস্পটভিত্তিক অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনবহুল এলাকা ও বাজারে পুলিশি কার্যক্রম বাড়ানো হয়েছে। অপরাধপ্রবণ এলাকায় নতুন পুলিশ ক্যাম্প স্থাপন এবং সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে।
এছাড়া মোহাম্মদপুর এলাকায় রায়েরবাজার থানা গঠনের প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।


























