রাজধানীতে চার দিনে ৪১ চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার: ডিএমপি
- আপডেট সময় : ০৩:২৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 47

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত চার দিনে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
তবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় বা কোন কোন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে কয়েকশ লোক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পরপর কয়েকটি ঘটনায় চাঁদাবাজি ও দখলকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ সামনে আসার পর প্রশাসনের তৎপরতা বাড়ে।
এরই মধ্যে সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করার কথা জানান।
এরপর রাজধানীতে চার দিনের অভিযানে ৪১ জন ‘চাঁদাবাজ’ গ্রেফতারের তথ্য জানাল ডিএমপি। চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

























