বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে আদালতে চ্যালেঞ্জ, বৈধতা প্রশ্নে রিট
- আপডেট সময় : ০৭:৪৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 119

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এই কমিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চেয়ে আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী।
রিটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এবং বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির কার্যনির্বাহী কমিটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ করে যাচ্ছিল।
কিন্তু চলতি বছরের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সংশ্লিষ্ট আইনের একটি ধারা প্রয়োগ করে নির্বাচিত কমিটি ভেঙে দেন এবং ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেন। এ সিদ্ধান্তের বৈধতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে রিটে।
এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে তিন মাসের জন্য নতুন এই কমিটি গঠন করে। কমিটির প্রধান করা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
নতুন এই কমিটিতে আরও রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।
জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং এটি সাময়িকভাবে বোর্ডের কার্যক্রম পরিচালনা করবে।


























