সারা দেশে মুক্তি পাচ্ছে ‘দম’, ৫০টির বেশি হলে প্রদর্শন
- আপডেট সময় : ০৭:৩৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 5

দম সিনেমাটি এবার সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। রেদওয়ান রনি পরিচালিত এবং আফরান নিশো অভিনীত এই চলচ্চিত্রটি আগামী শুক্রবার (২৪ এপ্রিল) থেকে দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে প্রদর্শিত হবে।
এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়ে দর্শকদের ব্যাপক সাড়া পায় সিনেমাটি। এবার ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের দর্শকদের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার জনপ্রিয় সিনেমা হলে ‘দম’ প্রদর্শিত হবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, পাইরেসি এড়াতে শুরুতে সিনেমাটি কেবল মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল। দর্শকদের আগ্রহ বাড়তে থাকায় এখন তা সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়া হচ্ছে।
এদিকে সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলেছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং কানাডা-তে মুক্তি পেয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহেই প্রদর্শনীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘দম’ শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের সাহস ও সংগ্রামের গল্প। দর্শকদের ভালোবাসাই তাকে অনুপ্রাণিত করছে।
অভিনেতা আফরান নিশো জানান, গল্প শুনেই তিনি কাজটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটি তার অভিনয়জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, ডলি জহুর এবং জাহিদ হাসান।

























