জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিতে গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতা জরুরি: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 4

সমাজ ও রাষ্ট্রে জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিত করতে বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং গণমাধ্যম ও রাজনীতিতে সামগ্রিকভাবে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জেন্ডার সংবেদনশীলতার ঘাটতি শুধু নারী বা পুরুষের ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি সমাজের মূল্যবোধের দুর্বলতার প্রতিফলন। তার মতে, রাজনীতি ও গণমাধ্যম যদি পেশাদারিত্ব ও জবাবদিহিতার আওতায় আসে, তাহলে সমাজ স্বাভাবিকভাবেই আরও সংবেদনশীল হয়ে উঠবে।
তিনি আরও বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিক উভয়কেই জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকতে হয়। তবে সঠিক জবাবদিহিতা নিশ্চিত না হলে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়।
তথ্যমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করে, কারণ স্বাধীন গণমাধ্যমই ক্ষমতাকে জবাবদিহির মধ্যে রাখতে পারে।
তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমের ক্ষেত্রে নির্দিষ্ট কর্তৃপক্ষ না থাকায় জবাবদিহি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে, তাই কার্যকর নীতিমালা ও নজরদারি ব্যবস্থা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।






















