আধুনিক ও ব্যবসাবান্ধব কর কাঠামোর দাবি এমসিসিআইয়ের
- আপডেট সময় : ০৫:২৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 56

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে কর ও শুল্ক ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের প্রস্তাব দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটি বলছে, বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে একটি আধুনিক, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব কর কাঠামো গড়ে তোলা জরুরি।
রোববার রাজধানীর একটি হোটেলে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সঙ্গে যৌথ সেমিনারে এসব প্রস্তাব তুলে ধরা হয়। সেমিনারের আলোচ্য বিষয় ছিল আসন্ন বাজেটে বেসরকারি খাতের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি।
এমসিসিআই জানায়, বর্তমানে দেশের কর-জিডিপি অনুপাত প্রায় ৬.৫ শতাংশ থেকে ৭.৩ শতাংশের মধ্যে রয়েছে, যা টেকসই উন্নয়নের জন্য যথেষ্ট নয়। কর ব্যবস্থায় আস্থা সংকট দূর করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সংগঠনটি কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানায়। পাশাপাশি কর ফাইল খোলার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, অনুমাননির্ভর কর নির্ধারণ বন্ধ করা এবং কর সংক্রান্ত শুনানিতে ডিজিটাল পদ্ধতি চালুর সুপারিশ করা হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা দিতে ভ্যাট সীমা বাড়ানো, কাস্টমস রিফান্ড প্রক্রিয়া সহজীকরণ এবং শিল্পে ব্যবহৃত যন্ত্রাংশের শুল্ক কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাবও দেওয়া হয়।
এছাড়া পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়াতে কর অব্যাহতি সুবিধা বাড়ানো এবং কর আইনের সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডের সামঞ্জস্য আনার সুপারিশ করা হয়।
এমসিসিআই আরও বলেছে, পরোক্ষ করের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে সরাসরি কর বাড়ালে কর ব্যবস্থা আরও ভারসাম্যপূর্ণ হবে।
ব্যবসায়ীদের হয়রানি কমাতে ঝুঁকি-ভিত্তিক অডিট ব্যবস্থা চালু এবং কর সংক্রান্ত মামলায় অগ্রিম পরিশোধের হার কমানোর মতো প্রস্তাবও উঠে আসে সেমিনারে।


















