বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা, নিরাপত্তায় ন্যাশনাল গার্ড মোতায়েনের আহ্বান
- আপডেট সময় : ০৫:৫৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 80

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডকে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন দুই রিপাবলিকান কংগ্রেস সদস্য। শুক্রবার তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়, বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আসরে যেকোনো ধরনের নিরাপত্তা হুমকি ঠেকাতে শক্তিশালী ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। বিশেষ করে ড্রোন-সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্ডকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়ার ওপর জোর দেন তারা।
চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের ১১টি আয়োজক শহরের আকাশসীমা নিরাপদ রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। তাদের মতে, জনবল সংকট ও বিভিন্ন সংস্থার মধ্যে আইনি জটিলতা নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। তাই একটি একীভূত কেন্দ্রীয় নিরাপত্তা কাঠামো গড়ে তোলা প্রয়োজন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, দ্রুত মোতায়েনযোগ্যতা ও দেশজুড়ে কার্যক্রম পরিচালনার সক্ষমতার কারণে ন্যাশনাল গার্ড এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অভ্যন্তরীণ জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যা বিশ্বকাপের মতো বড় আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক এক গুলির ঘটনার পর বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।



























