হজযাত্রীদের বিমান ভাড়া কমেছে, ব্যয় হ্রাসে আরও উদ্যোগের আশ্বাস ধর্মমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:৪৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 3

চলতি বছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোসহ হজ ব্যয় হ্রাসে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বুধবার জাতীয় সংসদে মাদারীপুর-২ আসনের সরকারি দলের সদস্য মো. জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৫ সালে হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। চলতি বছর তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে হজযাত্রীদের বিমান ভাড়ায় উল্লেখযোগ্য সাশ্রয় হবে।
তিনি আরও জানান, সৌদি আরব অংশে ব্যয় নির্ধারিত হওয়ায় তা কমানো কঠিন হলেও আবাসন ব্যয় কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিশেষ করে মক্কা ও মদিনায় হোটেল ও বাড়ি ভাড়া কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্ত্রী আশ্বাস দেন, ভবিষ্যতে হজযাত্রীদের সুবিধা ও চাহিদা বিবেচনায় নিয়ে ব্যয় আরও কমানোর পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়নের সময় সার্বিকভাবে ব্যয় কমানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।






















