ইবাদত ও পারিবারিক আয়োজনে পপির জন্মদিন, বাবাকে মনে করে আবেগাপ্লুত অভিনেত্রী
- আপডেট সময় : ০৬:২৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 107

এবার অন্যরকম আবহে জন্মদিন উদযাপন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। চলচ্চিত্রের ঝলমলে আয়োজনের বাইরে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বিশেষ দিনটি পালন করেছেন তিনি।
জন্মদিনের প্রথম প্রহরেই নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া জানান পপি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন। পারিবারিক আয়োজনে মোট আটটি কেক কাটা হয়। পাশাপাশি তার জন্মদিন উপলক্ষে একটি মসজিদে মিলাদ এবং একটি এতিমখানায় কোরআন খতমের আয়োজন করা হয়।
জন্মদিনের অনুভূতি জানাতে গিয়ে একটি গণমাধ্যমকে পপি বলেন, রাত ১২টায় নামাজ পড়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে দিনটি শুরু করতে পেরে ভালো লেগেছে বলেও জানান এই অভিনেত্রী।
তবে আনন্দের এই দিনেও প্রয়াত বাবার কথা বিশেষভাবে মনে পড়েছে পপির। তিনি জানান, জন্মদিনে বাবাকে খুব মিস করছেন। একই সঙ্গে নিজের বিশেষ দিনে শুভেচ্ছা জানানো চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, বন্ধু, দর্শক-ভক্ত ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সবার কাছে নিজের জন্য দোয়াও চেয়েছেন পপি।
দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটাই আড়ালে রয়েছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠান কিংবা গণমাধ্যমের উপস্থিতিতেও তাকে আগের মতো দেখা যায় না। ফলে দীর্ঘ বিরতির পর জন্মদিনে নিজের অনুভূতি প্রকাশ করায় আবারও আলোচনায় এসেছেন তিনি।
পপির পুরো নাম সাদিকা পারভীন পপি। ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৫ সালে ‘লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে পরিচিতি পান পপি।
এরপর ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। ‘আমার ঘর আমার বেহেস্ত’ তার অভিনীত প্রথম সিনেমা হলেও মুক্তির দিক থেকে ‘কুলি’ ছিল তার প্রথম চলচ্চিত্র। সিনেমাটির সাফল্যের পর দ্রুতই ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন পপি।
দীর্ঘ কর্মজীবনে অসংখ্য জনপ্রিয় নায়ক ও নির্মাতার সঙ্গে কাজ করেছেন তিনি। মান্না, রুবেল, ফেরদৌস, রিয়াজ, শাকিল খান ও শাকিব খানসহ অনেক অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন পপি। বিশেষ করে শাকিল খানের সঙ্গে তার জুটি একসময় দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।



























