সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:১৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 1

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ প্রথমে ডন হককে আটক করে। পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে সালমান শাহ হত্যা মামলাটির তদন্ত করছে সিআইডি।
সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালত ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। ঢাকা মহানগরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।
এর আগে একাধিক তদন্তে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে উল্লেখ করা হয়েছিল। সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের তদন্ত প্রতিবেদনেও একই মত দেয়। তবে এ সিদ্ধান্ত সালমান শাহর পরিবার ও ভক্তদের মধ্যে বিতর্ক সৃষ্টি করে। তারা ওই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানান।
এরপর গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
দীর্ঘদিন ধরে সালমান শাহর মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও বিতর্ক থাকলেও নতুন করে হত্যা মামলা এবং সিআইডির তদন্তের কারণে বিষয়টি আবারও আলোচনায় এসেছে। ডন হকের গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন কোনো তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।


























