দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে সরকার আন্তরিক: ডেপুটি স্পিকার কায়সার কামাল
- আপডেট সময় : ১০:১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 32

দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী ও সমুন্নত রাখতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় নিজের কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও পরবর্তী সময়ে গণতান্ত্রিক উত্তরণ সহজ ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনে তাঁর অবদান উল্লেখযোগ্য।
কায়সার কামাল আরও বলেন, বাংলাদেশে ইউএনডিপি দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সংসদ সদস্যদের জন্য নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সংস্থাটির সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারেও ইউএনডিপি ইতিবাচক অবদান রাখছে।
জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে দেশের মানুষ বিগত সরকারের শাসনের অবসান ঘটিয়েছে। জেন-জির আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশেও স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। বাংলাদেশে জেন-জি ও ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে তৎকালীন শাসনের অবসান ঘটে। জনগণের ভোটাধিকারের ভিত্তিতেই বর্তমান সরকার নির্বাচিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, ১৯৭২ সাল থেকে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। জাতীয় সংসদে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের জন্য পরিচিতিমূলক কোর্স ও প্রশিক্ষণ আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা দিতে ইউএনডিপি প্রস্তুত রয়েছে। এ ছাড়া সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমে সহায়তা এবং লিঙ্গসমতা নীতি বাস্তবায়নেও সংস্থাটির আগ্রহ রয়েছে।
বৈঠকে রাষ্ট্রীয় কাঠামোয় আমলাতান্ত্রিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি বলেন, সরকারি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধও বিবেচনায় নেওয়া জরুরি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দেশের প্রায় ৩২৫টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ পদ্ধতির আধুনিকায়ন এবং বাস্তবভিত্তিক ও জ্ঞাননির্ভর মূল্যায়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
বৈঠকে ইউএনডিপি ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















