রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত
- আপডেট সময় : ০৫:১৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 38

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার সময়সীমা বাড়ানোয় ঢাকা-রিয়াদ রুটের নির্ধারিত দুটি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে যাত্রীদের পরবর্তী সময়সূচি সম্পর্কে অবহিত করার কথা জানিয়েছে রাষ্ট্রীয় এই বিমান সংস্থা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, এ সময়সীমা ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত। বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ১১ ও ১২ অক্টোবরের ঢাকা-রিয়াদ এবং রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ফ্লাইট দুটির পরবর্তী সময়সূচি ও সংশ্লিষ্ট তথ্য ১২ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২টায় জানানো হবে। এদিকে ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের সহযোগিতা কামনা করা হয়েছে।


























