সারা দেশে বৃষ্টির আভাস, কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা
- আপডেট সময় : ০৪:১৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 51

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে দেশের আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু দুর্বল অবস্থায় আছে। ইতোমধ্যে বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
























