হাসপাতাল তদারকিতে ৫৪ কর্মকর্তা, মাসে অন্তত একবার পরিদর্শনের নির্দেশ
- আপডেট সময় : ০৪:২৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 50

দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তাকে হাসপাতাল পরিদর্শন ও মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে গত ৩০ সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের এসব কর্মকর্তাকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত, জেনারেল, জেলা ও উপজেলা হাসপাতাল তদারকির দায়িত্ব দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আওতাধীন হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত তদারক করতে হবে। উপস্থিতি-সংক্রান্ত তথ্য ও প্রতিবেদনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি, সংক্রামক রোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্য, প্রবীণদের স্বাস্থ্যসেবা, পুষ্টি কার্যক্রমসহ বিভিন্ন জনস্বাস্থ্য কর্মসূচিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবার মান বাড়াতে উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ গ্রহণেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে হবে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, কর্মকর্তাদের নিয়মিত জেলা, উপজেলা ও হাসপাতাল পরিদর্শন করতে হবে। পরিদর্শনের সময় চিহ্নিত সমস্যা, পর্যবেক্ষণ ও সুপারিশ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নিতে হবে।
প্রতিটি পরিদর্শনের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় পাঠাতে হবে। একই সঙ্গে প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মাসে কমপক্ষে একটি পরিদর্শন সম্পন্ন করতে হবে।
তালিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জন্য পৃথক তদারক কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে।
যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের দেশের বিভিন্ন জেলার হাসপাতালের পাশাপাশি অনেক ক্ষেত্রে উপজেলা পর্যায়ের হাসপাতাল তদারকির দায়িত্বও দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, এসব দায়িত্ব কর্মকর্তাদের নিয়মিত দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করতে হবে এবং আদেশ জারির তারিখ থেকেই তা কার্যকর হয়েছে।
কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি মাঠপর্যায়ে হাসপাতাল পরিদর্শনের এ উদ্যোগের মাধ্যমে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, চিকিৎসা সরঞ্জামের ব্যবহার, অবকাঠামোগত সমস্যা ও ব্যবস্থাপনার ঘাটতি সম্পর্কে নিয়মিত তথ্য পাওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পথও সহজ হবে।





















