৭৮ বছর বয়সে বিশ্বরেকর্ড, টুইচে সবচেয়ে বয়স্ক নারী ‘ফোর্টনাইট’ স্ট্রিমার ক্যাথ
- আপডেট সময় : ০৪:০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 64

স্কটল্যান্ডের ৭৮ বছর বয়সি ক্যাথ বোয়ি টুইচ প্ল্যাটফর্মে সবচেয়ে বয়স্ক নারী ‘ফোর্টনাইট’ স্ট্রিমার হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন। অনলাইনে ‘GrumpyGran48’ নামে পরিচিত ক্যাথ প্রায় নয় বছর ধরে নিয়মিত নিজের গেম খেলার সেশন সরাসরি সম্প্রচার করে আসছেন।
স্কটল্যান্ডের বাসিন্দা ক্যাথ এর আগেও বিভিন্ন ধরনের গেম খেলেছেন। তবে সেগুলোর প্রতি খুব একটা আগ্রহ তৈরি হয়নি তার। ১৭ বছর বয়সি নাতির মাধ্যমে ‘ফোর্টনাইট’-এর সঙ্গে পরিচিত হওয়ার পরই বদলে যায় তার গেমিং অভিজ্ঞতা। ধীরে ধীরে গেমটির প্রতি গভীর আগ্রহ তৈরি হয় তার। এরপর বয়সকে বাধা হিসেবে না দেখে নিয়মিত ‘ফোর্টনাইট’ খেলতে শুরু করেন তিনি।
ক্যাথ এত দীর্ঘ সময় গেমটি খেলবেন এবং একসময় এভাবে পরিচিতি পাবেন, তা শুরুতে ভাবতে পারেনি তার নাতিও। নিজের অভিজ্ঞতা তুলে ধরে ক্যাথ বলেন, তার নাতি বিশ্বাসই করতে পারছিল না যে তার দাদি গেম খেলতে পারবেন। এমনকি সে বলেছিল, কেউ তার সঙ্গে খেলতে চাইবে না। নাতির এমন মন্তব্যই ক্যাথকে আরও উৎসাহী করে তোলে। তাকে প্রমাণ করে দেখাতে চেয়েছিলেন, তিনিও গেম খেলতে পারেন।
ক্যাথ জানান, তিনি আরও কয়েকটি গেম খেলেছেন। কিন্তু ‘ফোর্টনাইট’-এর মতো আকর্ষণ অন্য কোনো গেম তার কাছে তৈরি করতে পারেনি। এ কারণেই নিজেকে শুধু ‘গেমার’ হিসেবে পরিচয় দেওয়ার চেয়ে ‘ফোর্টনাইটার’ বলতে বেশি পছন্দ করেন তিনি।
‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গেমার এডিশন ২০২৭’-এ জায়গা পাওয়াকে দীর্ঘদিনের স্বপ্ন বলে উল্লেখ করেছেন ক্যাথ। বিশ্বরেকর্ডের স্বীকৃতি পাওয়াকে তিনি অত্যন্ত সম্মান ও আনন্দের বিষয় হিসেবে দেখছেন।



























