ভারতে বসে সরকার পতনের হুমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৩৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 65

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের নেতারা পতনের পর ভারতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পতনের হুমকি দিচ্ছেন। জনগণ ভোট দিয়ে তাদের ক্ষমতায় এনেছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ীই তারা দায়িত্ব পালন করবেন বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, হুমকি-ধমকি দিয়ে কোনো ফল হবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় ইসলামিয়া কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এ জনসভার আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রী হলেও সরকারি ক্ষমতার অপব্যবহার করেন না এবং তা করতে জানেনও না। এটাই তাদের রাজনীতির ধরন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, কেউ তাদের উসকানি দিলে বা আঘাত করলে তারাও পাল্টা জবাব দেবেন।
সরকারের দায়িত্ব পালনের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে টুকু বলেন, তারা ক্ষমতায় আসার পর ইরান-ইসরাইল যুদ্ধ শুরু হয়। এর ফলে তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে উচ্চমূল্যে তেল ও গ্যাস কিনে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। পরে বিতরণের একটি মেশিনে আগুন লাগার ঘটনাও ঘটে। এরপরও সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে বলে দাবি করেন তিনি।
জামায়াত প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, তারা জামায়াতকে চেনেন এবং আন্দোলনের পর এমন অনেককে দেখা গেছে, যারা আগে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, পরে নিজেদের বিপ্লবী হিসেবে পরিচয় দিয়েছেন।
জনসভায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল আলীম, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমা রেজা এবং সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হকসহ দলটির নেতারা।

























