প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট
- আপডেট সময় : ০৪:৪২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 1

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি জনস্বার্থমূলক রিট দায়ের করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন রিটটি দায়ের করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, দেশের বর্তমান চলচ্চিত্র ও নাটক শিল্পে মাত্রাতিরিক্ত প্রেম ও রোমান্টিক কনটেন্টের একচেটিয়া প্রচার সমাজে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। মূলধারার নাটকে পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক ও অনৈতিক আচরণকে স্বাভাবিক কিংবা মহিমান্বিত করে উপস্থাপনের ফলে ধর্ষণ ও ব্যভিচারের মতো সামাজিক ব্যাধি বাড়ছে বলে আবেদনে দাবি করা হয়েছে।
এতে আরও বলা হয়, এর ফলে শিক্ষার্থী ও যুবসমাজ পড়াশোনা ও ক্যারিয়ার থেকে বিচ্যুত হয়ে পড়ছে, যা দীর্ঘমেয়াদে জাতীয় মেধা বিকাশে বড় বাধা সৃষ্টি করছে।
আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে রিটে উল্লেখ করা হয়, লাগামহীন ও উসকানিমূলক বিনোদনমূলক কনটেন্ট তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে এবং নারীর প্রতি সহিংস আচরণকে উসকে দিতে পারে।
রিট আবেদনে প্রেমভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপের পাশাপাশি যুবসমাজের মেধা বিকাশ ও দেশপ্রেম জাগ্রত করতে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক চলচ্চিত্র এবং নাটক নির্মাণ ও সম্প্রচারে রাষ্ট্রীয় বাধ্যবাধকতা জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে গত ২৭ আগস্ট এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে নোটিশের পর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি দাবি করে প্রতিকার চেয়ে রোববার হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।






















