পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা
- আপডেট সময় : ০৭:১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 8

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেছেন, পদ্মা নদীতে পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। এতে নদীর চরাঞ্চল ও নিচু নদীতীরবর্তী এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
মোস্তফা কামাল পলাশ বলেন, পদ্মা নদীর পানি বর্তমানে বন্যা বিপৎসীমার কাছাকাছি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ফলে নদীর চরাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
তার দেওয়া সর্বশেষ নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর ফারাক্কায় গঙ্গা নদীর পানির উচ্চতা ২৩ দশমিক ৭৫ মিটারে পৌঁছেছে। সেখানে স্থানীয় বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ২২ দশমিক ২৫ মিটার। অর্থাৎ পানির উচ্চতা স্থানীয় বিপৎসীমার প্রায় দেড় মিটার ওপরে রয়েছে।
গবেষকের তথ্য অনুযায়ী, ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটই বর্তমানে খোলা রয়েছে। ব্যারাজ দিয়ে মোট পানিপ্রবাহ প্রায় ১৬ লাখ কিউসেক। এর মধ্যে প্রায় ৪০ হাজার কিউসেক পানি ফিডার খাল দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে ভারতের মুর্শিদাবাদের কয়েকটি নদীতীরবর্তী এলাকায় নতুন করে নদীভাঙনও দেখা দিয়েছে।
মোস্তফা কামাল পলাশ বলেন, ফারাক্কা দিয়ে অতিরিক্ত পানির প্রবাহ একই মাত্রায় বাংলাদেশে প্রবেশ করায় পদ্মা নদীতেও দ্রুত পানির উচ্চতা বাড়তে শুরু করেছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান গতিতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যে আরও বেশি চরাঞ্চল ও বসতবাড়িতে পানি প্রবেশ করতে পারে।
এ পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর চরাঞ্চল এবং নিচু নদীতীরবর্তী এলাকাগুলোতে সবচেয়ে বেশি নজরদারি রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
























