সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ-অপহরণ, গভীর উদ্বেগ খেলাঘরের
- আপডেট সময় : ০৩:৩৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 21

দেশে গত সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু-কিশোর অপহরণ বা নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। একই সঙ্গে নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিউ ইস্কাটনে খেলাঘরের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভায় এসব আহ্বান জানানো হয়।
বুধবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে খেলাঘর জানায়, গত সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু-কিশোর অপহরণ বা নিখোঁজ হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনায় শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।
সংগঠনটি বলছে, দেশের প্রতিটি শিশু রাষ্ট্রীয় সম্পদ। তাদের সুরক্ষা এবং মৌলিক অধিকার নিশ্চিত করার সামগ্রিক দায়িত্ব সরকারের। জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদ বাস্তবায়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ হওয়ায় শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
খেলাঘরের মতে, শিশু অপহরণ ও নিখোঁজের ঘটনায় সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এর ফলে শিশুদের স্বাভাবিক জীবনযাপন ও মেধার বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে সরকারকে দ্রুত বলিষ্ঠ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
একই সঙ্গে সারাদেশে খেলাঘরের বিভিন্ন শাখার মাধ্যমে শিশু সুরক্ষা বিষয়ে জনসচেতনতা তৈরিতে কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদেরও আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিখোঁজ ও অপহরণের ঘটনাগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে একটি সামগ্রিক প্রতিবেদন প্রকাশেরও দাবি জানিয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির মতে, এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হলে শিশু নিখোঁজ ও অপহরণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ ও আতঙ্ক অনেকটাই কমানো সম্ভব হবে।
























