বারবার পেছাচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজ, এবার কী হবে? তামিম দিলেন বড় আশা
- আপডেট সময় : ০৪:২৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 27

সূচি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজটি হওয়ার কথা ছিল ২০২৫ সালের আগস্টে। রাজনৈতিক পরিস্থিতিসহ নানা কারণে সেই সিরিজ স্থগিত হয়ে পরে ২০২৬ সালের সেপ্টেম্বরে নতুন করে সূচি নির্ধারণ করা হয়। তবে নির্ধারিত সময়েও সিরিজটি মাঠে গড়ার সম্ভাবনা তৈরি হয়নি। ফলে বাংলাদেশ-ভারত সিরিজের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
তবে সিরিজটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, সিরিজ বাতিলের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। নতুন সময় নির্ধারণ করে সিরিজটি আয়োজনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘ভারত সিরিজ হবে না, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। দুটো বোর্ডই বিষয়টি নিয়ে খুব আন্তরিক। বিসিসিআই এবং বিসিবি; দুই পক্ষই সম্ভাব্য সময়সূচি খুঁজছে। কোন সময়ে সিরিজটি আয়োজন করা যায়, তা নিয়ে আলোচনা হচ্ছে।’
দুই দলেরই সামনে ব্যস্ত সূচি থাকায় নতুন সময় বের করা কিছুটা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে তামিম বলেন, ‘বাংলাদেশের মাঝখানে তিনটি সিরিজ আছে। ভারত ও বিসিসিআইও তাদের ম্যাচ নিয়ে খুব ব্যস্ত। তারপরও আমরা এ নিয়ে নিয়মিত আলোচনা করছি। তারিখগুলো নিয়ে কাজ হচ্ছে।’
২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে ভারতের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সফর স্থগিত করে বিসিসিআই। পরে ২০২৬ সালের সেপ্টেম্বরকে নতুন সময় হিসেবে নির্ধারণ করা হয়। তবে সেটিও শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
এখন নতুন সময়ে দুই দলের সিরিজটি আয়োজনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড। রাজনৈতিক পরিস্থিতির বিষয়েও সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন তামিম।
তিনি বলেন, ‘কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বিসিবি সভাপতি হিসেবে আমি সেই সীমা অতিক্রম করতে চাই না। তবে দুই পক্ষের মনোভাব খুবই ইতিবাচক। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’


























