১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে, জনগণকে ধৈর্য ধরতে বললেন নজরুল ইসলাম খান
- আপডেট সময় : ০৫:০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 29

দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, দীর্ঘ সময়ের জমে থাকা জঞ্জাল দূর করতে সময় প্রয়োজন। এ জন্য জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ১৭ বছরের জঞ্জাল একসঙ্গে দূর করা সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনায় মাত্র ছয় মাস যথেষ্ট সময় নয়। সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
যারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছেন, সরকার তাদের পাশে থাকবে উল্লেখ করে নজরুল ইসলাম খান বিরোধী দলগুলোকেও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সরকার যেসব কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো যথাসময়ে বাস্তবায়ন করা হবে। সরকার নিজস্ব নিয়ম ও পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচালনা করছে।
তিনি আরও বলেন, জনগণের কোনো পরামর্শ থাকলে তা সরকারকে জানানো উচিত। সরকারের কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
























