মেসির ক্যারিয়ারে নতুন শঙ্কা, জয় না পেলে ছুঁয়ে ফেলবেন সবচেয়ে বাজে রেকর্ড
- আপডেট সময় : ০৪:৩৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 94

লিওনেল মেসির ক্যারিয়ারে অসংখ্য সাফল্য ও রেকর্ড থাকলেও এবার এমন এক পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন এই তারকা, যা তিনি আগে কখনো দেখেননি। ইন্টার মিয়ামির হয়ে সাম্প্রতিক টানা জয়হীনতা অব্যাহত থাকলে ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারার রেকর্ডে পৌঁছে যাবেন মেসি।
আগামী শনিবার সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচটি তাই মেসি ও ইন্টার মিয়ামির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ম্যাচটিতে জয় না পেলে দীর্ঘ জয়হীনতার সেই পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলবেন আর্জেন্টাইন সুপারস্টার।
সাম্প্রতিক সময়ে মিয়ামির পারফরম্যান্সও আশানুরূপ নয়। সর্বশেষ টরন্টোর বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের মধ্য দিয়ে দলটি টানা চার ম্যাচ জয়হীন রয়েছে। তবে এই চার ম্যাচে মেসির ব্যক্তিগত পারফরম্যান্স খারাপ ছিল না। এ সময়ে তিনি করেছেন দুই গোল এবং একটি অ্যাসিস্ট। কিন্তু তার পারফরম্যান্স দলকে জয়ের পথে ফেরাতে পারেনি।
মেসির পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ জয়হীন সময় এসেছিল ২০১৩ সালে। সে সময় বার্সেলোনার হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছিলেন তিনি। তারপরও বার্সেলোনা টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি। ওই পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে ড্র এবং একটিতে পরাজিত হয়েছিল দলটি।
মন্ট্রিয়েলের বিপক্ষে ইন্টার মিয়ামি জয় না পেলে সেই পাঁচ ম্যাচের জয়হীন ধারার রেকর্ডে পৌঁছে যাবেন মেসি। অর্থাৎ ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারার সমান করতে এখন তার সামনে রয়েছে মাত্র একটি ম্যাচ।
এর আগেও ২০২৫ সালে ইন্টার মিয়ামি টানা চার ম্যাচ জয়হীন ছিল। তবে সেই পরিস্থিতি থেকে দ্রুত ঘুরে দাঁড়িয়ে পরবর্তী পাঁচ ম্যাচেই জয় তুলে নিয়েছিল দলটি। এবারও মেসি ও মিয়ামির সামনে একইভাবে দ্রুত ছন্দে ফেরাই প্রধান লক্ষ্য।
তবে শুধু জয়হীন ধারাই নয়, ২০২৬ সালে ইন্টার মিয়ামির রক্ষণভাগ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। মে মাসের পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচেই গোল হজম না করে মাঠ ছাড়তে পারেনি দলটি।



























