সরকারি ভবনের ছাদে বসবে সোলার প্যানেল, কমবে বিদ্যুৎ খরচ
- আপডেট সময় : ০৪:২০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 45

সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমাতে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন সব সরকারি অফিসের ভবনের ছাদে ধাপে ধাপে সোলার প্যানেল স্থাপন করে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত পৃথক দুটি সভায় এ উদ্যোগের কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ের সরকারি কার্যালয় নয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অফিসগুলোকেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রীর মতে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব সরকারি সেবা অবকাঠামোর একটি দৃষ্টান্ত তৈরি করা সম্ভব হবে।
সোলার প্যানেল স্থাপনের ক্ষেত্রে নেট মিটারিং ও হাইব্রিড সিস্টেম চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানান মীর শাহে আলম। এ ব্যবস্থায় সৌর প্যানেল থেকে প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। একই সঙ্গে প্রয়োজন হলে সন্ধ্যার পরও সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ থাকবে।
এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান প্রতিমন্ত্রী।
সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিধি বাড়াতে বেসরকারি খাতের কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কারিগরি সহায়তা নেওয়া এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, সরকারি ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এ কার্যক্রমের অগ্রগতিও তিনি নিয়মিত পর্যবেক্ষণ করছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অগ্রাধিকারকে সামনে রেখে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এর আগে গত ১৭ আগস্ট অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দুজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুটি পৃথক কমিটি গঠন করা হয়। এসব কমিটি সংশ্লিষ্ট বিভাগের অধীন সরকারি ভবনগুলোর মধ্যে যেসব ভবনের ছাদে সোলার প্যানেল বসানো সম্ভব, সেগুলো চিহ্নিত করেছে।
একই সঙ্গে চিহ্নিত ভবনগুলোর ছাদের মোট আয়তন, সোলার প্যানেল স্থাপনে সম্ভাব্য ব্যয় এবং বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জও পর্যালোচনা করেছে কমিটিগুলো।
সভায় আরও জানানো হয়, সরকারি কার্যালয়গুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা জারি করে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ, সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির প্রতিনিধিরাও সভায় অংশ নেন।





















