গ্রাম আদালতে সেরাদের পুরস্কৃত করবে সরকার, বাছাই হবে সেরা ইউপি ও চেয়ারম্যান
- আপডেট সময় : ০৪:০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 46

গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলা থেকে গ্রাম আদালতের কার্যক্রমে ভালো পারফরম্যান্স করা ইউনিয়ন পরিষদ এবং চেয়ারম্যানকে নির্বাচিত করে স্বীকৃতি ও পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে গ্রাম আদালত পরিচালনায় প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে বলে মনে করছে সরকার। একই সঙ্গে যারা ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছেন, তাদের উৎসাহিত ও পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান।
পরিপত্রে জানানো হয়েছে, ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ’ প্রকল্পের আওতায় গ্রাম আদালতের কার্যক্রমে উৎসাহজনক সাফল্য অর্জনকারী ইউনিয়ন পরিষদগুলোকে চিহ্নিত করা হবে। পরে এসব ইউনিয়ন পরিষদকে স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হবে। এর ফলে অন্য ইউনিয়ন পরিষদগুলোও গ্রাম আদালতের কার্যক্রমে আরও সক্রিয় এবং মানসম্মতভাবে অংশ নেওয়ার ক্ষেত্রে উৎসাহিত হবে।
দেশের প্রতিটি জেলার আওতাধীন ইউনিয়ন পরিষদগুলোর মধ্য থেকে নির্ধারিত বহুসূচক ও মানদণ্ড অনুসরণ করে সেরা গ্রাম আদালত কার্যক্রম পরিচালনাকারী ইউনিয়ন পরিষদ এবং সেরা চেয়ারম্যান নির্বাচনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচিত ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যানকে স্থানীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করার নির্দেশনাও রয়েছে পরিপত্রে।
সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে রয়েছে গ্রাম আদালতের মাধ্যমে দায়ের হওয়া মামলার মোট সংখ্যা, নারী আবেদনকারীর সংখ্যা, মামলা নিষ্পত্তির হার এবং সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কার্যক্রম।
এ ছাড়া গ্রাম আদালতের ফি ও জরিমানা আদায়ের ক্ষেত্রে বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, গ্রাম আদালত পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য দেওয়া বিশেষ ফান্ড বা অনুদান সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না—এসব বিষয়ও মূল্যায়ন করা হবে।
পাশাপাশি মামলা ও বিরোধ নিষ্পত্তি-সংক্রান্ত নথি সংরক্ষণ, লিখিত তথ্য যথাযথভাবে সংরক্ষণ এবং গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের দক্ষতাকেও বিবেচনায় নেওয়া হবে।
পরিপত্রে গ্রাম আদালতের কার্যক্রমে সহায়তাকারী ইউপি সচিব এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের মাসিক সম্মানী ও যাতায়াত ভাতা বাড়ানোর প্রস্তাবের কথাও উল্লেখ করা হয়েছে।
গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব জেলা প্রশাসকের কাছে সংশ্লিষ্ট পরিপত্রটি পাঠানো হয়েছে।





















