সারাদেশে শুরু কলেরা প্রতিরোধের টিকাদান, বিনামূল্যে পাবেন ৫১ লাখ মানুষ
- আপডেট সময় : ০৫:০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 25

সারাদেশে কলেরা প্রতিরোধে শুরু হয়েছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। এ কর্মসূচির আওতায় নির্ধারিত ১৪টি ঝুঁকিপূর্ণ উপজেলা ও থানায় মোট ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে বিনামূল্যে মুখে খাওয়ার কলেরা প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
কর্মসূচিতে ১ বছর বা তার বেশি বয়সি সব নাগরিক টিকা গ্রহণ করতে পারবেন। তবে গর্ভবতী নারীরা এই টিকার আওতামুক্ত থাকবেন। সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের ব্যবধানে টিকার দুটি ডোজই গ্রহণ করতে হবে।
প্রথম ডোজ দেওয়া হবে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে এ টিকা দেওয়া হবে। দ্বিতীয় ডোজের কার্যক্রম চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এ ছাড়া রাজধানীর তেজগাঁওয়ে পৃথক এক কর্মসূচির মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
ডিএসসিসির আওতাধীন লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর—এই চার থানার ১৭টি ওয়ার্ডে ১৯২টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে কলেরা প্রতিরোধী টিকা দেওয়া হবে।
পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্ধারিত এলাকাতেও এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।























