সব মহাসড়কে থ্রি হুইলার বন্ধ, চালু হচ্ছে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম
- আপডেট সময় : ০৫:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 23

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের সব মহাসড়কে থ্রি হুইলার যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এআই ক্যামেরার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপন করা এআই ক্যামেরার কার্যক্রমে কোনো ভুল বা ত্রুটি ধরা পড়লে তা সংশোধন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করা হবে।
তিনি বলেন, মহাসড়কে অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, উল্টোপথে চলাচলসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে এআই ক্যামেরা। আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে।
এতে অপরাধের ধরন ও জরিমানার পরিমাণও উল্লেখ থাকবে। নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধের সুযোগ থাকবে।
থ্রি হুইলার চলাচলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের কোনো মহাসড়কেই থ্রি হুইলার চলতে দেওয়া হবে না। কোনো অবস্থাতেই এসব যান মহাসড়কে উঠতে পারবে না। মহাসড়কে উঠলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মহাসড়কে চাঁদাবাজির বিষয়েও কথা বলেন তিনি। মালিকপক্ষ বা শ্রমিকপক্ষ—যে পক্ষ থেকেই চাঁদাবাজি করা হোক না কেন, ক্যামেরায় সবকিছু রেকর্ড থাকবে বলে জানান তিনি। এর ফলে চাঁদাবাজির প্রবণতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
হাইওয়ে পুলিশের প্রত্যাশা, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা ট্রাফিক আইন প্রয়োগকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করবে। একই সঙ্গে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং চালকদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়বে।
সড়ক দুর্ঘটনা কমাতেও এআইভিত্তিক নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে হাইওয়ে পুলিশ। বিশেষ করে অতিরিক্ত গতি, বেপরোয়া চালানো ও উল্টোপথে চলাচলের মতো ঝুঁকিপূর্ণ আচরণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
এতদিন মহাসড়কে ট্রাফিক আইন প্রয়োগে পুলিশের সরাসরি নজরদারি ও মামলা করার ওপর বেশি নির্ভর করতে হতো। নতুন ব্যবস্থায় তার সঙ্গে যুক্ত হলো এআইভিত্তিক স্বয়ংক্রিয় নজরদারি। সংশ্লিষ্টদের মতে, এতে আইন প্রয়োগের পাশাপাশি মহাসড়কে জবাবদিহিতা ও নজরদারি আরও বাড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















