সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
- আপডেট সময় : ০৪:১৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 66

সামিট এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। শনিবার রাত ২টার মধ্যে ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে টার্মিনালটির পূর্ণ সক্ষমতা ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার আশা করা হচ্ছে।
সামিটের মুখপাত্র জানান, গ্যাসের সরবরাহ বাড়তে থাকলে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ অন্যান্য গ্রাহকের জন্য গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কমবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই সামিটের ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
তিনি বলেন, ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়বে এবং মধ্যরাতের মধ্যে পূর্ণমাত্রায় সরবরাহে পৌঁছানোর আশা করা হচ্ছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান আরও জানান, একই সময়ে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ থেকেও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। দুই টার্মিনাল থেকে সরবরাহ বাড়লে সামগ্রিক গ্যাস সংকট মোকাবিলায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।





















