রাষ্ট্রপতি পদে কর্নেল (অব.) অলি আহমদকে ১১ দলীয় জোটের মনোনয়ন
- আপডেট সময় : ০৬:১৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 0

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বর্ষীয়ান রাজনীতিক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বৈঠকে সর্বসম্মতিক্রমে অলি আহমদের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
নাম ঘোষণার পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের কল্যাণের কথা বিবেচনা করে সর্বোত্তম ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতির কল্যাণে জোটের প্রতিটি কাজ পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্য ও সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনীতিতে স্বচ্ছতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকলে গণতন্ত্রের গতি ও সুস্বাস্থ্য ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ১১ দলীয় ঐক্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, সমগ্র জাতি, জোটের নেতৃবৃন্দ এবং দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ। জনগণের স্বার্থ রক্ষায় তারা সবসময় পাশে থাকবেন বলেও জানান তিনি।
অলি আহমদ বলেন, নির্বাচনে জয়-পরাজয়ই মূল বিষয় নয়; জনগণের পাশে থেকে তাদের স্বার্থ রক্ষা করাই গুরুত্বপূর্ণ। সর্বসম্মতিক্রমে তার নাম প্রস্তাব করায় তিনি জোটের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, তিনি একজন পরীক্ষিত মুক্তিযোদ্ধা এবং তার বিরুদ্ধে দুর্নীতি কিংবা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই। সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপনের কারণেই জোটের নেতারা সর্বসম্মতিক্রমে তার নাম প্রস্তাব করেছেন বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হকও অলি আহমদের মনোনয়নকে স্বাগত জানান। তিনি বলেন, তাদের বিবেচনায় বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচন ও মনোনয়ন দিতে পেরে তারা আনন্দিত।

























